জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট বুধবার বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। সরকারি ছুটি ঘোষিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, বুধবার বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে কোনো আমদানি-রফতানি কার্যক্রম হচ্ছে না। কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।
বেনাপোল স্থলবন্দরের চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান বলেন, বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।
বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে ২৫০ থেকে ৩০০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়, এবং ভারতে রফতানি হয় ৫০ থেকে ১২০ ট্রাক পণ্য। আমদানি বাণিজ্য থেকে প্রতিদিন প্রায় ৪০ কোটি টাকা সরকারের রাজস্ব আয় হয়।