বিখ্যাত সুরকার ও সংগীত পরিচালক মুজিব পরদেশীকে চেক ডিজঅনার মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে এ আদেশ দেওয়া হয়।
মামলার এজাহার অনুযায়ী, দশ লাখ টাকার চেক ডিজঅনারের অভিযোগে ইদ্রিস আলী বিশ্বাস নামে এক ব্যক্তি ২০২২ সালে মাগুরার আদালতে মুজিব পরদেশীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। শুনানি শেষে ২০২৩ সালের ১৫ মার্চ মাগুরার দ্বিতীয় যুগ্ম দায়রা জজ মুহাম্মদ আনোয়ার ছাদাত মুজিব পরদেশীকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ ১০ লাখ টাকা অর্থদণ্ড দেন।
রায়ের পর থেকে মুজিব পরদেশী পলাতক ছিলেন, যার কারণে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সোমবার (৩ আগস্ট) রাজধানীর উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
মুজিব পরদেশীর প্রকৃত নাম মুজিবুর রহমান মোল্লা। আশির দশকে বাংলা লোকগানের জগতে তিনি ব্যাপক খ্যাতি অর্জন করেন। তার গাওয়া 'আমি বন্দী কারাগারে', 'সাদা দিলে কাদা', 'কলমে নাই কালি', 'আমি কেমন করে পত্র লিখি' এবং 'মন তোরে পারলাম না বুঝাইতে'সহ অসংখ্য গান শ্রোতাদের কাছে সমাদৃত।