মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে পাওয়া একটি ব্যাগে জর্দার কৌটা ও পান পাওয়া গেছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, এই ব্যাগে কোনো ধরনের বিস্ফোরক বা ক্ষতিকর বস্তু নেই।
শনিবার (১ আগস্ট) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মিরপুর-১০ মেট্রো স্টেশনের ব্যাগের ভেতরে সন্দেহজনক সামগ্রী হিসেবে প্রথমে একটি কৌটা দেখা যায়। ফার্মগেট স্টেশনের খালি বস্তাটি দলা পাকিয়ে রাখা ছিল।
ডিএমপির বোম্ব ডিসপোজাল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এবং সন্দেহজনক ব্যাগটি এক্স-রে পরীক্ষার মাধ্যমে পরীক্ষা করা হয়।
পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় যে, ব্যাগের ভেতরে কেবল জর্দার একটি কৌটা ও পান ছিল। নিরাপত্তা নিশ্চিত করার জন্য হ্যান্ড এন্ট্রির মাধ্যমে বস্তাটি পরীক্ষা করা হয় এবং কোনো বিপজ্জনক বস্তু পাওয়া যায়নি।
ডিএমপি জানিয়েছে, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা প্রস্তুত এবং আতঙ্কিত না হয়ে সন্দেহজনক কোনো বস্তু বা কার্যকলাপ সম্পর্কে নিকটস্থ থানায় বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ অবহিত করার জন্য আহ্বান জানিয়েছে।