হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। চলতি সপ্তাহে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের নিয়মিত প্রতিরক্ষা বৈঠক অনুষ্ঠিত হবে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন প্রচেষ্টায় দক্ষিণ কোরিয়াকে যুক্ত করার জন্য ওয়াশিংটনের চাপের মধ্যে এবারের বৈঠকে হরমুজ প্রণালিতে দক্ষিণ কোরিয়ার সামরিক সদস্য মোতায়েনের সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে।
এর আগে, দক্ষিণ কোরিয়া হরমুজ প্রণালির আশপাশের নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নে সংযুক্ত আরব আমিরাতে একটি প্রতিনিধি দল পাঠিয়েছিল। দেশটির সামরিক বাহিনী সেখানে মোতায়েনের সম্ভাব্যতা যাচাই করতে এই উদ্যোগ নিয়েছিল।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে সাম্প্রতিক উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অংশীদারদের সহায়তা চাইছে। এ প্রেক্ষাপটে দক্ষিণ কোরিয়ার সম্ভাব্য সামরিক ভূমিকা নিয়ে আসন্ন প্রতিরক্ষা বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।