শনিবার, ০১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মেট্রো স্টেশনে বোমা সদৃশ বস্তু, ডিএমপির আতঙ্কিত না হওয়ার আহ্বান

মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ বস্তু পাওয়ার ঘটনায় ডিএমপির আতঙ্কিত না হওয়ার আহ্বান।

মেট্রো স্টেশনে বোমা সদৃশ বস্তু, ডিএমপির আতঙ্কিত না হওয়ার আহ্বান

রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ দুটি পরিত্যক্ত বস্তু পাওয়ার খবরে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, এসব বস্তু বোমা নয়।

ডিএমপি জানায়, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে বোমাসদৃশ বস্তু রয়েছে—এমন সংবাদের ভিত্তিতে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। সন্দেহজনক ব্যাগটি এক্স-রে পরীক্ষার মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়।

এক্স-রেতে দেখা যায়, ব্যাগের ভেতরে কৌটাসদৃশ একটি ইমেজ রয়েছে। পরবর্তীতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে ফ্র্যাঞ্জিবল ডিসরাপ্টর ব্যবহার করে নিরাপদে বস্তুটি নিষ্ক্রিয় করা হয়। পরীক্ষা শেষে দেখা যায়, ব্যাগের ভেতরে জর্দার একটি কৌটা ও পান রয়েছে, কিন্তু কোনো বিস্ফোরক বা ক্ষতিকর বস্তু পাওয়া যায়নি।

অপরদিকে, তেজগাঁও থানাধীন এলাকায় একটি পরিত্যক্ত বস্তাকে কেন্দ্র করে বোমা সন্দেহের সৃষ্টি হলে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা নিশ্চিত করে হ্যান্ড এন্ট্রির মাধ্যমে বস্তুটি পরীক্ষা করেন।

পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, বস্তার ভেতরে কোনো ধরনের বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু নেই। উল্লেখ্য, এর আগে ২৪ জুলাই রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতার মধ্যে বোমা সদৃশ বিস্ফোরক পাওয়া যায়, যা পরে নিষ্ক্রিয় করা হয়েছিল।

বিজ্ঞাপন