রাষ্ট্রপতি পদে থাকাকালীন কোনো কর্মকাণ্ডের জন্য আইনি পদক্ষেপ নেয়া যাবে না, তবে এর আগে-পরে কোনো অপরাধ করে থাকলে আইনি ব্যবস্থা নেয়ার সুযোগ রয়েছে। এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। উপদেষ্টা বলেন, ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর পাঠানো হয়েছে বিধি মেনেই। চাকরির বয়স ২৫ বছর হলে সরকার তাদের বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে।
২০১৮ সালের নির্বাচনে ইতিহাসের সবচেয়ে বড় অপরাধ হয়েছে উল্লেখ করে ডা. জাহেদ বলেন, ঐ নির্বাচনের তদন্ত হওয়া প্রয়োজন। শাপলা চত্বর হত্যা মামলার বিচারের পথে সরকারের বাধা হওয়ার কোনো কারণ নেই বলেও জানান তিনি।
বাংলাদেশ ব্রিকসের সদস্য হওয়ার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি উল্লেখ করে উপদেষ্টা বলেন, বাংলাদেশকে পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ব্রিকস শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী যাবেন কিনা, তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।
এছাড়াও, পর্যটন নগর কক্সবাজারকে পৌরসভা থেকে সিটি করপোরেশনে রূপান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।