ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ করবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি আজ শুক্রবার সকালে সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এই সম্মেলনের আয়োজক ভারত। প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে যোগ না দেওয়ার কারণ হিসেবে চিফ হুইপ বলেন, একটি স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হিসেবে সম্মানিত না করে বিমসটেকের সভাপতি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে, যা প্রধানমন্ত্রীর জন্য গ্রহণযোগ্য নয়।
চিফ হুইপ নূরুল ইসলাম মনি আরও জানান, সরকারের পক্ষ থেকে ১০১টি স্বার্থবিরোধী চুক্তি পর্যালোচনা করা হচ্ছে। তিনি বলেন, হাসিনা সরকারের রেখে যাওয়া ২০৫ কোটি ডলারের ঋণ পরিশোধ করা হয়েছে এবং দেশে ১৬ লাখ টন সার মজুদ রয়েছে।
সরকারের বিদ্যুৎ ও গ্যাস সমস্যার সমাধানে সদিচ্ছার অভাব নেই বলেও তিনি মন্তব্য করেন। এছাড়া, বিরোধী দলের জন্য ৩৯টি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির মধ্যে একটিতে সভাপতি, ২২ টিতে তিনজন এবং বাকিগুলোতে দুজন করে সদস্য রাখা হয়েছে বলে জানান তিনি।