রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জানান, নির্বাচনের নির্দিষ্ট তারিখ নির্ধারণ করে তা গেজেট আকারে প্রকাশ করা হবে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক শেষে তিনি এসব কথা জানান। তিনি বলেন, সংসদ সচিবালয়ের কাছে ভোটার তালিকা চাওয়া হয়েছে।
বৈঠকটি সকাল ১১টায় সংসদ ভবনের স্পিকারের কার্যালয়ে শুরু হয়। নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি।
সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এজন্য সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা অর্থাৎ সংসদ সদস্যদের নাম নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হবে।
তালিকার ভিত্তিতে নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত করবে। এরপর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।