ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে প্রবেশ করেছেন। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় তিনি বঙ্গভবনে পৌঁছান।
বঙ্গভবনে পৌঁছালে, তাকে পুলিশের একটি অশ্বারোহী দল স্বাগত জানায়। এর পর, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) নিয়ম অনুযায়ী গার্ড অব অনার প্রদান করে।
হাফিজ উদ্দিন আহমদ এরপর বঙ্গভবনে নিজ অফিসকক্ষে যান এবং সেখানে বঙ্গভবনের জেষ্ঠ্য কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও জনবিভাগ সচিব তাকে বঙ্গভবনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
পরে, তিনি বঙ্গভবনের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির দায়িত্ব থেকে পদত্যাগ করার পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। তবে, নিয়মিত দাফতরিক কার্যক্রম পরিচালনা করলেও তিনি বঙ্গভবনে উঠবেন না এবং সংসদে স্পিকারের সরকারি বাসভবনেই থাকবেন।