রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এ তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি আজ মঙ্গলবার ডেপুটি স্পিকারের সাথে বৈঠক শেষে গণমাধ্যমকে এ কথা জানান।
সিইসি বলেন, নির্বাচনের দিনক্ষণ এখনও ঠিক হয়নি, তবে নির্ধারিত সময়ের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটার তালিকার জন্য ইতোমধ্যে সংসদ সচিবালয়কে চিঠি দেওয়া হয়েছে।
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার বেলা ১১টার দিকে সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে সিইসিসহ তিন নির্বাচন কমিশনার, ইসি সচিব ও সংসদ সচিবালয় সচিব উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সাথে বিস্তারিত আলোচনা হয়েছে এবং নির্বাচনের জন্য কমিশন পুরোপুরি প্রস্তুত। তিনি জানান, ভোটার তালিকার জন্য সংসদ সচিবালয়কে চিঠি দেওয়া হয়েছে এবং নিয়ম অনুযায়ী তফসিল ঘোষণা করা হবে।
সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, সংসদ থেকে চিঠি পেলে এ বিষয়ে কমিশন ব্যবস্থা নেবে।
গুরুতর অসুস্থতার কারণে ২৪ জুলাই শুক্রবার বিকেলে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী, পদত্যাগের পরবর্তী ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে, সেক্ষেত্রে ২২ অক্টোবরের মধ্যে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে।