শনিবার, ২২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী মির্জা ফখরুলের গেজেট প্রকাশ

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণার গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী মির্জা ফখরুলের গেজেট প্রকাশ

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের গেজেট নির্বাচন কমিশন সচিবালয় প্রকাশ করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করে এই গেজেট প্রকাশ করা হয়।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন, যেখানে ৩৪৩টি ভোট পড়েছে। বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ ৮৮টি ভোট পেয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নির্বাচনের ফলাফল ঘোষণা করে বলেন, ‘সংসদে সবার সহযোগিতা পেয়েছি। ঐতিহাসিক নির্বাচন হয়েছে।’

এর আগে সিইসি সংসদ ভবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করেন। তিনি জানান, নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার।

বিজ্ঞাপন