বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২০ আগস্ট) এক অভিনন্দন বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
বিরোধীদলীয় নেতা বলেন, রাষ্ট্রপতি জাতীয় ঐক্যের প্রতীক। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখার ক্ষেত্রে রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত রাষ্ট্রপতি তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, যোগ্যতা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে দল-মতের ঊর্ধ্বে উঠে সংবিধান ও আইনের শাসন সমুন্নত রাখতে, ইনসাফ প্রতিষ্ঠা করতে এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করতে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।
বিশেষ করে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রপতি সচেষ্ট থাকবেন বলেও জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, "আমরা স্মরণ করি, ২০০১ থেকে ২০০৬ সালের চারদলীয় জোট সরকারের সময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জোটের শরিক দলগুলোর নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।"
তিনি আরও জানান, তার দীর্ঘ রাজনৈতিক ও রাষ্ট্রীয় অভিজ্ঞতা দেশের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন। বিরোধীদলীয় নেতা নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।