বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লে যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে ফিরে আসে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেন, যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মনে করেছিল, ইরান মাত্র তিন দিনের মধ্যে ভেঙে পড়বে এবং আত্মসমর্পণ করবে।
সোমবার (২৭ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় প্রকাশিত প্রতিবেদনে বাঘাই আরও বলেন, "এখন কয়েক মাস পরও আমেরিকা এই পরিস্থিতির মধ্যে আটকে আছে এবং তারা নিজেদের অপরাধ নিয়ে গর্ব করছে।"
এদিকে, হরমুজ প্রণালি দিয়ে ‘অবৈধভাবে’ চলাচলের চেষ্টা করায় ছয়টি জাহাজ থামিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবির প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজগুলো হরমুজ প্রণালির দক্ষিণ অংশের একটি রুট দিয়ে ‘অবৈধ ও অনিরাপদভাবে’ অতিক্রমের চেষ্টা করছিল। সূত্র জানায়, এই পদক্ষেপের উদ্দেশ্য ছিল ওই এলাকায় অবস্থানরত মার্কিন বাহিনীকে ‘উসকানি’ দেওয়া।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ছয়টি জাহাজের মধ্যে একটি জাহাজকে ঘিরে একটি অনির্দিষ্ট ঘটনা ঘটে। বাকি পাঁচটি জাহাজকে ইরানের নিয়ন্ত্রণাধীন পারস্য উপসাগরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। তবে জাহাজগুলোর নাম বা তাদের পতাকাবাহী দেশের পরিচয় জানানো হয়নি।
ইরানি সূত্রটি আরও জানায়, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের জন্য নির্ধারিত নৌপথ স্পষ্টভাবে চিহ্নিত রয়েছে। এর বাইরে অন্য কোনো রুট ব্যবহার করা হলে তা বিপজ্জনক হতে পারে।
এদিকে, মার্কিন সামরিক বাহিনী ইরানের এই দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।