হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকার মাইন বিস্ফোরণের শিকার হয়েছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানায়, জাহাজটি তেহরান-অনুমোদিত রুট ত্যাগ করার পর এই দুর্ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়েছে, ট্যাংকারটি ইরানের সামরিক বাহিনীর নির্ধারিত পথ থেকে সরে যাওয়ার পর একটি নৌমাইনে ধাক্কা খায়। এর পরপরই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে ইরানি কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
ইরান পূর্বে সতর্ক করেছিল যে, জাহাজগুলো যদি নির্ধারিত রুট না মানে, তবে তাদের জন্য পরিণতি ভোগ করতে হতে পারে। এই পরিস্থিতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যবস্থা নিয়ে ওমানের সঙ্গে আলোচনা চলছে এবং এতে অগ্রগতি হয়েছে।