যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান হামলার প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যবস্থাপনার বিকল্প নিয়ে আলোচনা করতে ওমানের একটি প্রতিনিধিদল ইরানে পৌঁছেছে। শুক্রবার (২৪ জুলাই) আল-জাজিরা এই তথ্য জানায়।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, গভীর রাতে তেহরানে পৌঁছানো ওমানের কূটনীতিকরা ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন। হরমুজ প্রণালী বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শত্রুতার প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
এই কৌশলগত জলপথটি বন্ধ হয়ে যাওয়ার ফলে বিশ্ব অর্থনীতি ক্রমবর্ধমান জ্বালানি মূল্যের সম্মুখীন হচ্ছে। প্রণালীটির মাধ্যমে সংঘাত শুরু হওয়ার আগে প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস রফতানি করা হতো।
ইরনা জানিয়েছে, প্রতিনিধিদলটির এই সফর ইরান ও ওমানের মধ্যে চলমান আলোচনার অংশ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ওমানের প্রতিনিধি বদর আলবুসাইদির সঙ্গে ফোনে আলোচনা করেছেন।
তবে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। যুদ্ধ চলাকালীন তেহরান বরাবরই বলছে, তারা ওমানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে হরমুজ প্রণালী পরিচালনায় আগ্রহী।
এদিকে, হরমুজ প্রণালির প্রবেশ ও প্রস্থানপথে ওমানের কৌশলগত অবস্থান রয়েছে এবং দেশটি ঐতিহাসিকভাবে উপসাগরীয় দেশ ও ইরান উভয়ের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে আঞ্চলিক বিরোধে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে।