মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে এবং বড় ধরনের হামলা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। শনিবার (২৫ জুলাই) ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।
ট্রাম্প শুক্রবার বলেন, ওয়াশিংটন ইরানের সঙ্গে আলোচনা করছে এবং নতুন কোনো হামলা চালানোর বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি। তবে তিনি সতর্ক করে বলেন, মার্কিন সামরিক বাহিনী এই অভিযানকে আরও জোরদার করতে ‘প্রস্তুত’ রয়েছে।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, জুলাই মাসের শুরুতে বাহরাইন ও কুয়েত গোপনে ইরানের অভ্যন্তরে সামরিক ঘাঁটিতে যুদ্ধবিমান পাঠিয়ে হামলা চালিয়েছে, যা তেহরানের বিরুদ্ধে তাদের প্রথম সরাসরি প্রতিশোধমূলক পদক্ষেপ।
দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প শুক্রবার ইরানের ওপর সামরিক হামলা জোরদার করার বিষয়টি বিবেচনা করতে শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন।
এদিকে, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের কারণে ইউরোপীয় ইউনিয়ন পাঁচজন ইরানি বিচারক এবং একটি শীর্ষস্থানীয় সাইবার গোষ্ঠীর নেতার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে।