ইউক্রেনে রাশিয়ার চালানো হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিবিসি জানায়, রাজধানী কিয়েভের কাছে একটি ড্রোন প্রদর্শনীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ১০ জনের মৃত্যু ঘটে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, এই হামলায় প্রায় ১০০ জন আহত হয়েছেন। হামলাটি প্রতিরক্ষা খাতের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠিত প্রদর্শনী চলাকালীন ঘটে।
পূর্বাঞ্চলীয় স্লোভিয়ানস্ক শহরে রাশিয়ার গ্লাইড বোমার আঘাতে আরও পাঁচজন নিহত হয়েছে। এছাড়া, উত্তরাঞ্চলীয় শহর সুমিতে শনিবার ভোরে দুই ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সামরিক কর্মকর্তারা।
জেলেনস্কি শুক্রবার বলেন, রাশিয়া আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আরেকটি ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে। এর আগে, ইউক্রেনের হামলায় রাশিয়ার কিরোভ শহরে ছয়জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন।
কিয়েভের কাছে হামলার পর, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা সেরহি বেসক্রেস্টনভ এবং প্রযুক্তি উন্নয়নে জড়িত লিউবা শিপোভিচের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। তারা দুজনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অক্ষত থাকার খবর নিশ্চিত করেন।
ইউক্রেনীয় বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত জানান, এই হামলায় তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল, যার মধ্যে কেবল একটি প্রতিহত করা সম্ভব হয়েছে।