হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনে পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলার ঘটনা ঘটে।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বন্দর আব্বাসের পূর্বাঞ্চলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কেশম দ্বীপের মাসান গ্রামের আশপাশে পাঁচটির বেশি বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, হরমুজে ইরানের হামলার জবাবে আইআরজিসির স্থাপনায় অভিযান পরিচালনা করা হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, মার্কিন হামলা এখনও চলমান রয়েছে।
এদিকে, ইরান হুমকি দিয়েছে যে, যদি তাদের তেল রপ্তানি বন্ধের চেষ্টা করা হয়, তবে হরমুজ দিয়ে সব তেল পরিবহন বন্ধ করে দেওয়া হবে। ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ বলেন, শত্রুপক্ষের যেকোনো পদক্ষেপের জবাব দিতে প্রণালির নিয়ন্ত্রণে রয়েছে সামরিক বাহিনী।