রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

গাজা যুদ্ধের বিস্তার নিয়ে বাইডেনের উদ্বেগ: ইরান পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা

গাজা যুদ্ধ ইরান পর্যন্ত বিস্তৃত হতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করেছেন সাবেক প্রেসিডেন্ট বাইডেন।

গাজা যুদ্ধের বিস্তার নিয়ে বাইডেনের উদ্বেগ: ইরান পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা

গাজা যুদ্ধ শেষ পর্যন্ত ইরান পর্যন্ত বিস্তৃত হতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। দ্য নিউ ইয়র্কার-এর প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন প্রশাসনের কর্মকর্তারা মনে করেন, ইসরায়েল গাজা যুদ্ধকে ব্যবহার করে ইরান ও লেবাননে হামলার সুযোগ নিতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, সাবেক বাইডেন প্রশাসনের কর্মকর্তারা গাজা যুদ্ধের বিস্তার এবং পরবর্তী সময়ে ইরানের সঙ্গে সংঘাতের জন্য বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়ী করেছেন। তারা জানান, গাজা যুদ্ধ চলাকালে ইসরায়েলকে নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগের যেকোনো প্রচেষ্টা উল্টো ইরানের আরও বড় প্রতিক্রিয়া ডেকে আনতে পারে।

বাইডেন প্রশাসনের সময়ও ইসরায়েল ইরানের বিভিন্ন অবকাঠামো এবং ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর হামলা চালিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন প্রশাসন একাধিকবার নেতানিয়াহু সরকারকে ইরান বা ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোকে উসকানি দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিল।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের সেপ্টেম্বরে হিজবুল্লাহর সদস্যদের বিরুদ্ধে চালানো পেজার হামলার সময় বাইডেন প্রশাসন আগে থেকে অবগত ছিল না। এছাড়া, হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যার ঘটনাকেও বাইডেন প্রশাসনের জন্য বড় ধাক্কা হিসেবে দেখানো হয়েছে।

যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ইসরায়েলের পদক্ষেপের সমালোচনা না করলেও, অনেক ক্ষেত্রেই ইসরায়েলকে রক্ষা করতে সামরিকভাবে জড়িয়ে পড়তে হয়েছে। ২০২৪ সালের এপ্রিল ও অক্টোবরে, ইরানের হামলা থেকে ইসরায়েলকে রক্ষায় যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

সাবেক বাইডেন প্রশাসনের কর্মকর্তারা দাবি করেন, নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে আরও হামলা চালাতে চেয়েছিলেন। ফিলিপ গর্ডনের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সতর্ক করলেও তারা জানত, শেষ পর্যন্ত ওয়াশিংটন তাদের রক্ষা করতে এগিয়ে আসবে।

বাইডেন টিম ট্রাম্প প্রশাসনকে সতর্ক করেছিল যে, 'ইসরায়েল এই সুযোগ হাতছাড়া করবে না।' ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম দিকে যুক্তরাষ্ট্র দুই দফায় ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন দেশটির সরকারকে আরও কঠোর পদক্ষেপ নিতে উৎসাহিত করেছে। কয়েকজন সাবেক বাইডেন কর্মকর্তা মনে করেন, ইরানের সঙ্গে যুদ্ধকে ইসরায়েল-হামাস যুদ্ধের ধারাবাহিকতা হিসেবে দেখা যেতে পারে।

বিজ্ঞাপন