বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমাতে হবে: জেডি ভ্যান্স

ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমাতে হবে, বলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমাতে হবে: জেডি ভ্যান্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানকে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমাতে হবে, যাতে সাত মাসের যুদ্ধ বন্ধে মার্কিন শর্ত পূরণ হয়। বুধবার (৭ অক্টোবর) রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

ভ্যান্স উল্লেখ করেন, যুদ্ধবিরতি চুক্তির জন্য ইরানকে বাস্তবে সমৃদ্ধকরণ কমানোর প্রমাণ দিতে হবে। তিনি প্রশ্ন তোলেন, যদি ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্য না থাকে, তবে ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ জ্বালানির প্রয়োজন কেন?

সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান আন্তরিক হলে তাদের সমৃদ্ধকরণ সক্ষমতার লাগাম টানতে দৃশ্যমান পদক্ষেপ নেবে। সম্প্রতি, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার প্রক্রিয়া চললেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বশেষ প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন।

ভ্যান্স জানান, আমেরিকা সমঝোতার পথ খোলা রাখলেও মৌখিক কথার বিনিময়ে কোনো চুক্তি করবে না। তিনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচির সুনির্দিষ্ট ছাড় প্রয়োজন।

এছাড়াও, ইরানি নেতৃত্বের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে হোয়াইট হাউস দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। ভ্যান্স বলেন, বর্তমান নেতৃত্বের ওপর প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির কতটুকু নিয়ন্ত্রণ রয়েছে তা স্পষ্ট নয়।

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেই তেহরানের বিরুদ্ধে মার্কিন অভিযোগ নাকচ করেছেন। তিনি বলেন, মার্কিন কর্মকর্তাদের পরস্পরবিরোধী অবস্থান এবং অস্পষ্ট বার্তাই সমস্যার মূল।

বর্তমানে মাসিক ৩০০ কোটি ডলার ব্যয়ের এই যুদ্ধ বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব ফেলছে, যা আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির জন্য একটি রাজনৈতিক দায় হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন