বিশ্বকাপ শেষ হওয়ার পরও আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবার সমালোচকদের বিরুদ্ধে কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি মন্তব্য করেন, যারা বিশ্বকাপের সমালোচনা করেছেন, তারা ‘ঘৃণায় ডুবে ছিলেন’ এবং ফুটবলের আসল আনন্দ উপভোগ করতে পারেননি।
নিজের ইনস্টাগ্রাম এবং ফিফার অফিসিয়াল চ্যানেলে দেওয়া বার্তায় ইনফান্তিনো বলেন, ২০২৬ বিশ্বকাপের আয়োজন, ব্যবস্থাপনা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা সাংবাদিকদের তিনি সমালোচনা করেন। তার মতে, বিশ্বকাপ ছিল ঐক্যের একটি বড় উদাহরণ।
ফিফা সভাপতি জানান, ‘যারা শিশু, নবজাতক, দাদা-দাদি, বাবা-মাকে একসঙ্গে সুন্দর খেলাটা উপভোগ করতে দেখার মুহূর্তগুলো মিস করেছেন, তাদের জন্য দুঃখিত।’ তিনি সমালোচকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা এতটাই ঘৃণা ও সমালোচনায় ডুবে ছিলেন যে, সবকিছুই মিস করেছেন।’
সমালোচকদের উদ্দেশ্যে ইনফান্তিনো আরও বলেন, ‘যারা কলম ও কাগজের আড়ালে ঘৃণা ও মিথ্যা গুজব ছড়াচ্ছেন, তাদের জানাতে চাই— আমরা ফিফায় সামনে থেকে কাজ করছি এবং বিশ্বের সেরা আয়োজন উপহার দিচ্ছি।’
ভবিষ্যৎ ফুটবল নিয়ে কথা বলতে গিয়ে তিনি সমালোচকদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানান। ইনফান্তিনো বলেন, ‘যারা আমাদের ঘৃণা করতে নিজেদের সময় ও শক্তি ব্যয় করছেন, তাদের অনুরোধ করব একটু ভাবুন, ধ্যান করুন, প্রার্থনা করুন অথবা একটা ফুটবল ম্যাচ দেখুন।’
শেষে তিনি বলেন, ‘ফিফা সেই শান্তি খুঁজে পেয়েছে এবং বিশ্বের সবচেয়ে অসাধারণ বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে সেটি পৌঁছে দিচ্ছে। ফুটবল সব ধরনের ঘৃণার ঊর্ধ্বে উঠুক।’