রবিবার, ২৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র: স্বাস্থ্যজনিত কারণে পদত্যাগ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গুরুতর স্বাস্থ্যজনিত কারণে পদত্যাগ করেছেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র: স্বাস্থ্যজনিত কারণে পদত্যাগ

গুরুতর স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে রাষ্ট্রপতি উল্লেখ করেন, তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন এবং দায়িত্ব পালন করেছেন নিষ্ঠা ও সততার সাথে। তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশে সাংবিধানিক সংকট সৃষ্টি হয়।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চিঠিতে উল্লেখ করেন, সাংবিধানিক সংকট থেকে উত্তরণের জন্য তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত কামনা করেন এবং তাদের পরামর্শে অন্তর্বর্তী সরকার গঠন করেন। তিনি জানান, বর্তমান সরকার নির্বাচনের ফলাফলের ভিত্তিতে গঠিত হয়েছে এবং জাতীয় সংসদে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রয়েছে।

স্বাস্থ্যজনিত কারণে পদত্যাগের বিষয়ে তিনি লিখেছেন, তিনি গুরুতর অসুস্থ। হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি-জটিলতায় ভুগছেন। এছাড়া, সম্প্রতি তার অটোনমিক নিউরোপ্যাথি নামক রোগ শনাক্ত হয়েছে, যার কারণে মাঝে মাঝে তিনি অচেতন হয়ে যান।

রাষ্ট্রপতি বলেন, রোগসমূহের প্রাদুর্ভাবে শারীরিক ও মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এ কারণে তিনি সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী পদত্যাগ করছেন।

বিজ্ঞাপন