রবিবার, ২৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

থাইল্যান্ডের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের বৈঠক

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

থাইল্যান্ডের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের বৈঠক

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির শুক্রবার সকালে থাইল্যান্ডের উপ-পররাষ্ট্রমন্ত্রী ভিজাভাত ইসারাভাকদির সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এটি ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে সরকারি সফর শেষে ব্যাংককে যাত্রাবিরতির সময় অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ এবং থাইল্যান্ডের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষ তাদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক বিষয় পর্যালোচনার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, শ্রমশক্তি, পর্যটন এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আলোচনা করা হয়।

এছাড়া, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে প্রায় ১০ হাজার বাংলাদেশি কর্মীর থাইল্যান্ডে কর্মসংস্থানের সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়।

পররাষ্ট্র উপদেষ্টা আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তির লক্ষ্যে থাইল্যান্ডের অব্যাহত সমর্থন কামনা করেন। থাইল্যান্ডের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে তার দেশের গঠনমূলক সম্পৃক্ততা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এ সময়, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হুমায়ুন কবির থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

বিজ্ঞাপন