রবিবার, ২৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক: পরিবর্তন নয়, প্রতিস্থাপন বললেন বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক বাস্তবতায় আগের শুল্কের প্রতিস্থাপন, বললেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির।

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক: পরিবর্তন নয়, প্রতিস্থাপন বললেন বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ বাণিজ্য পরিস্থিতিতে কোনো পরিবর্তন আনবে না। তিনি জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর নতুন করে কোনো শুল্ক আরোপ করেনি, বরং আগের শুল্কই আইনি বাধ্যবাধকতার কারণে নতুন নামে প্রতিস্থাপন করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সিলেটের লাক্কাতুরায় চা শ্রমিকদের জন্য একটি বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, প্রকৃতপক্ষে শুল্ক পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। পূর্বে আরোপিত শুল্ক ১৫০ দিনের মধ্যে মেয়াদোত্তীর্ণ হয়ে যাবে এবং এর পর নতুন শুল্ক কার্যকর হবে।

তিনি উল্লেখ করেন, এটি নতুন শুল্ক আরোপ নয়, বরং রিপ্লেসমেন্ট (প্রতিস্থাপন) বলা যায়। শুক্রবার রাত ১২টার পরও আগের শুল্ক কার্যকর থাকবে, তবে তা ভিন্ন নামে কার্যকর হবে।

এদিকে, বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি সত্ত্বেও দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই বলেও জানান খন্দকার আব্দুল মুক্তাদির।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র প্রায় ৬০টি বাণিজ্য অংশীদার দেশের ওপর নতুন শুল্ক কার্যকর করছে, মূলত জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কিছু দেশের ওপর ১০ শতাংশ এবং বাকিগুলোর ওপর ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে। চলতি বছরের শুরুতে অস্থায়ীভাবে আরোপ করা ১০ শতাংশ করের মেয়াদ শেষ হওয়ার দিন, অর্থাৎ শুক্রবার থেকেই এই শুল্ক কার্যকর হচ্ছে।

বিজ্ঞাপন