ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং ছাত্র আন্দোলন অব্যাহত রাখার দাবিতে দৃঢ় অবস্থান পুনঃব্যক্ত করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আজ শুক্রবার (২৪ জুলাই) সরকারের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনার পর এই কথা জানায় তারা।
ককরোচ আন্দোলনের নেতারা জানান, শুক্রবার বিকেলে কন্সটিটিউশন ক্লাব অফ ইন্ডিয়াতে বৈঠকের পর পদত্যাগের দাবির বিষয়ে কেন্দ্র শনিবার বিকেল পর্যন্ত সময় চেয়েছে। সরকারের পক্ষ থেকে আলোচনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং।
সিজেপির জাতীয় মুখপাত্র সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা বৈঠকে দলের প্রতিনিধিত্ব করেন। আশুতোষ রাঙ্কা বলেন, “ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সরকার আগামীকাল শনিবার বিকেল পর্যন্ত সময় চেয়েছে। আমরা আশা করি, সরকার শীঘ্রই তাঁকে অপসারণ করবে।”
সরকার আত্মহত্যায় মৃত নিট পরীক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর ও আইনি মামলা প্রত্যাহারের দুটি দাবিতে নীতিগতভাবে অনুমোদন দিয়েছে।
সরকারের প্রতিনিধিদের সাথে ককরোচ নেতাদের বৈঠকটি প্রায় ২ ঘণ্টা ধরে চলে। বৈঠকে তাদের ৩টি প্রধান দাবি এবং পরীক্ষা সংক্রান্ত ৫টি সংস্কারের পরামর্শ ছিল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বলেন, “আমরা তাদের জানিয়েছি যে শনিবার বিকেলে আমরা তাদের সাথে আবার দেখা করব এবং সরকারের সাথে আমাদের যে আলোচনা হয়েছে, সে বিষয়ে তাদের জানাব।”