নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলে অবৈধ বাধাই জাল দিয়ে পোনা মাছ নিধন রোধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত বিলের পাটুল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় জেলেদের ৯০০ ফুট অবৈধ বাধাই জাল জব্দ করা হয় এবং ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান খান জানান, বর্ষার শুরুতেই কিছু জেলেরা অবৈধ বাধাই জাল দিয়ে নির্বিচারে পোনা মাছ নিধন শুরু করেছে।
তিনি বলেন, "এতে চরম হুমকির মুখে পড়েছে বিলের জীববৈচিত্র্য। দেশীয় মাছের প্রজনন, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে অভিযান চালানো হয়েছে।"
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারটি নৌকাযোগে মাছ ধরতে আসা জেলেদের ৯০০ ফুট বাধাই জাল জব্দ করে ঘটনাস্থলেই পুড়িয়ে দেওয়া হয়। সেই সঙ্গে তাদের ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে মাছ ধরার কাজে ব্যবহৃত ৪টি নৌকাও জব্দ করা হয়। ২২ জন অভিযুক্ত মাছ শিকারির কাছ থেকে ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত না হওয়ার মুচলেকাও নেয়া হয়।
অভিযানে জব্দকৃত পোনা মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে বলেও জানান ইউএনও আল ইমরান খান।