বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উদযাপন

ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে মহা মিলনমেলা উদযাপনের ঘোষণা।

ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উদযাপন

ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে একটি বর্ণাঢ্য মহা মিলনমেলা উদযাপনের ঘোষণা করেছে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদ (ডিএক্সএসএ)। এই অনুষ্ঠানটি আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

হীরকজয়ন্তী উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষকদের অবদানের স্বীকৃতি দেওয়া হবে এবং কিংবদন্তি প্রাক্তন শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে। এ ছাড়া গ্র্যান্ড গ্লোবাল রিইউনিয়নের পরিকল্পনাও রয়েছে।

উৎসবে লাইভ পারফরম্যান্স করবেন দেশের জনপ্রিয় দুই সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ ও অর্ক ব্যান্ডের হাসান। শুক্রবার (১০ জুলাই) ধানমন্ডির বিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে ফেরদৌস ওয়াহিদ (ব্যাচ '৬৯), সৈয়দ হাসানুর রহমান হাসান (ব্যাচ '৮৬) এবং অ্যাডহক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অ্যাডহক কমিটির আহ্বায়ক এহতেশাম এইচ খান (ব্যাচ '৮৪) এবং সদস্য সচিব মাহফুজ বিন ইউসুফ (ব্যাচ '৯৬) এই আয়োজনের দায়িত্ব পালন করছেন।

মাহফুজ বিন ইউসুফ বলেন, "আমরা চাই ১৯৬৫ থেকে ২০২৬ পর্যন্ত এই বিদ্যালয়ের প্রতিটি প্রাক্তন ছাত্র এই উৎসবের অংশ হোন — দেশে থাকুন বা বিদেশে।"

১৮ ডিসেম্বরের অনুষ্ঠানে শিক্ষকদের জন্য বিশেষ সম্মাননা, প্রাক্তনীদের মহামিলন, স্মৃতিচারণ পর্ব এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। আয়োজকরা জানান, বিদেশে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রাক্তন ছাত্রদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।

ষাট বছরের পথচলায় এই বিদ্যালয় যে অসংখ্য মেধাবী ও গুণী মানুষ তৈরি করেছে, ১৮ ডিসেম্বরের আয়োজন হবে তাদের সকলের প্রতি একটি সম্মিলিত কৃতজ্ঞতার প্রকাশ।

বিজ্ঞাপন