বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কানাডায় সাবেক এমপির বাড়ি থেকে ৪৩৯ আগ্নেয়াস্ত্র উদ্ধার

কানাডার সাবেক এমপি ইঙ্কি মার্কের বাড়ি থেকে ৪৩৯টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

কানাডায় সাবেক এমপির বাড়ি থেকে ৪৩৯ আগ্নেয়াস্ত্র উদ্ধার

কানাডার সাবেক সংসদ সদস্য (এমপি) ইঙ্কি মার্ককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তাঁর বাড়ি থেকে চার শতাধিক বন্দুক, বিপুল গোলাবারুদ এবং একটি প্রাচীন কামান উদ্ধার করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে ম্যানিটোবার ডফিন এলাকার কাছে ইঙ্কি মার্কের বাড়িতে অভিযান চালায় রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)। এ সময় তাঁর বাড়ি থেকে ৪৩৯টি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়।

আরসিএমপি জানায়, এর মধ্যে অন্তত তিনটি অস্ত্র অবৈধভাবে পাচার করা হয়েছে। ৭৮ বছর বয়সী ইঙ্কি মার্কের বিরুদ্ধে অবৈধ অস্ত্র পাচার, অননুমোদিত ডিভাইস রাখা এবং অনিরাপদভাবে অস্ত্র মজুত রাখার অভিযোগ আনা হয়েছে।

ম্যানিটোবায় কানাডার কঠোর ফেডারেল অস্ত্র নিয়ন্ত্রণ আইন কার্যকর থাকলেও প্রাদেশিক সরকার অতিরিক্ত বিধিনিষেধের বিরুদ্ধে সক্রিয়ভাবে বিরোধিতা করে আসছে। কারণ এই অঞ্চলে বিনোদনের জন্য শুটিং ও শিকারের গভীর সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে।

ডফিনের সাবেক এই মেয়রকে গত ৭ জুলাই পুলিশি তল্লাশির সময় গ্রেপ্তার করা হয়। গত সপ্তাহে আদালতে ডজনখানেক অভিযোগের মুখোমুখি হওয়ার পর কিছু শর্ত সাপেক্ষে হেফাজত থেকে মুক্তি পান তিনি।

সোমবার আরসিএমপির অ্যাসিস্ট্যান্ট কমিশনার স্কট ম্যাকমুর্চি বলেন, ‘নিষিদ্ধ অস্ত্রের অবৈধ পাচার একটি গুরুতর অপরাধ, যা জননিরাপত্তাকে হুমকির মুখে ফেলে।’

অস্ত্র মজুতের উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। তবে ম্যানিটোবা আরসিএমপির করপোরাল ব্যারি কিরবি জানান, ‘আমরা কেবল এতটুকুই জানি যে তিনি একজন আগ্নেয়াস্ত্র সংগ্রাহক।’

ইঙ্কি মার্ক ১৯৯৪ সালে ডফিনের মেয়র নির্বাচিত হন এবং ২০১০ সালের নির্বাচনে পরাজিত হন। ১৯৯৭ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি কানাডার পার্লামেন্টে ডফিন-সোয়ান রিভার-নিপাওয়া আসনের প্রতিনিধিত্ব করেন। ২০১০ সালে তিনি হাউস অব কমন্স থেকে পদত্যাগ করেন।

বিজ্ঞাপন