বান্দরবানে বন্যা পরিস্থিতির জন্য খাল দখল এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সমন্বয়হীনতাকে দায়ী করেছেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস। তিনি জানান, বন্যার পানি কমতে শুরু করেছে এবং পানি পুরোপুরি নামার পর ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হবে।
জেলা প্রশাসক বলেন, ‘সরকার বন্যা কবলিতদের সহায়তা করতে নানান উদ্যোগ গ্রহণ করেছে।’ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এখন ঘরভর্তি কাদামাটি, ভেঙে পড়া বসতঘর, নষ্ট হয়ে যাওয়া খাদ্যসামগ্রী, পানীয় জলের সংকট এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে জীবন গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
পানি নামার সঙ্গে সঙ্গে ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট হয়ে উঠছে। অনেক স্থানে হাঁটুসমান এবং কোথাও কোমরসমান কাদা জমে রয়েছে ঘর-বাড়ি, দোকানপাট ও রাস্তাঘাটে। এই অবস্থায় মানুষের দৈনন্দিন জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।