বুধবার, ১৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের তিন দফা দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন শতাধিক এইচএসসি পরীক্ষার্থী। আজ মঙ্গলবার সকালে তারা প্রধান ফটকের সামনে অবস্থান নেন এবং তাদের দাবির পক্ষে স্লোগান দেন।

কর্মসূচির শুরুতে কুমিল্লা কান্দিরপাড় পূবালী চত্বর থেকে শিক্ষা বোর্ডের দিকে যাওয়ার পথে শিক্ষার্থীরা পুলিশি বাঁধার সম্মুখীন হন। তবে তারা বাধা উপেক্ষা করে শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে পৌঁছান।

বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি কলেজ, রূপসী বাংলা কলেজ, কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, সোনার বাংলা কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থী হিসেবে নিজেদের পরিচয় দেন।

তাদের দাবিগুলো হলো: দুর্যোগের প্রাদুর্ভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষাগুলো স্থগিত রাখতে হবে, যারা ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে পারেননি তাদের পরীক্ষা পুনরায় নেওয়া উচিত, এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষা মন্ত্রীর পদত্যাগ করতে হবে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং উপ পরীক্ষা নিয়ন্ত্রক মো. সালাউদ্দিন শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন। সচিব বলেন, ‘আমরা পরীক্ষার্থীদের কথা শুনেছি। যেগুলো আমাদের পক্ষে পূরণ করা সম্ভব, সেগুলোর দায়িত্ব আমরা নিব।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা জানান, বিক্ষোভের সময় কোতোয়ালি থানার ওসি পুলিশ সদস্যদের মোতায়ন করেন। শিক্ষার্থীদের দাবি নিয়ে দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ সভা আহবান করা হয়েছে, যেখানে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

বিজ্ঞাপন