বাংলাদেশের সম্প্রচার সাংবাদিকদের বৃহত্তম সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) তাদের সদস্যদের স্বাস্থ্য ও সুরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীর বাংলামোটরে বিজেসি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ১৮ জন সদস্যের হাতে ‘আফজালুর রহমান স্বাস্থ্য বীমা’-র চেক তুলে দেওয়া হয়।
এই অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান ফাহিম আহমেদ সদস্যদের হাতে মোট ৬ লাখ ২০ হাজার ৪৬৪ টাকার চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বিজেসির সদস্য সচিব ইলিয়াস হোসেন ও ট্রেজারার মানস ঘোষসহ অন্যান্য সদস্যরা।
ফাহিম আহমেদ বলেন, “সদস্যরাই বিজেসির প্রাণ। তাদের যেকোনো বিপদ-আপদে পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। বর্তমান সময়ে চিকিৎসা খরচ যেভাবে বাড়ছে, তাতে এই স্বাস্থ্য বীমা সুবিধাভোগীদের জন্য বড় ধরনের মানসিক ও আর্থিক স্বস্তি দেবে।”
তিনি আরও জানান, বিজেসি ২০১৯ সাল থেকে কোনো বীমা প্রতিষ্ঠানের সহায়তা ছাড়াই সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় এই স্বাস্থ্য বীমা সেবা প্রদান করে আসছে। একজন সদস্য একবারে সর্বোচ্চ ৫০ হাজার এবং বছরে সর্বোচ্চ দেড় লাখ টাকা পর্যন্ত এই সুবিধা পেয়ে থাকেন।
গত ৭ বছরে এই কার্যক্রমের আওতায় ৩৩২ জন সদস্যকে মোট ৯২ লাখ ৩১ হাজার ৮৪২ টাকা প্রদান করা হয়েছে। বিজেসির নিয়ম অনুযায়ী, কোনো সদস্য অসুস্থ হলে হাসপাতাল ভর্তি হয়ে চিকিৎসা নিলে এই স্বাস্থ্য বীমা সুবিধার জন্য আবেদন করতে পারেন। সংগঠনের ‘কল্যাণ ও সুরক্ষা কমিটি’ যথাযথ যাচাই-বাছাই শেষে সুবিধাভোগীদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করে।