নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে অবস্থিত অনন্ত অ্যাপারেলসের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ ভোর ৪টা ১০ মিনিটে আগুনের সূত্রপাত হয় এবং সকাল ৭টা ১০ মিনিটে এটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নেই। আগুনের সময় ভবনটির ভেতরে কর্মীরা না থাকায় হতাহতের আশঙ্কা কম। তবে কাপড়ের গুদাম হওয়ায় আগুনের তীব্রতা বেশি ছিল।
ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ভোর ৪টা ১৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। পরে আগুন ও ধোঁয়া চারপাশে ছড়িয়ে পড়লে অন্যান্য ইউনিটও যোগ দেয়। আগুন নিয়ন্ত্রণে আনতে চারপাশ থেকে পানি ব্যবহার করা হয়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হচ্ছে না।