তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, পরিবর্তিত তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে জেলা তথ্য কর্মকর্তাদের প্রচলিত কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে জেলা তথ্য কর্মকর্তাদের সঙ্গে দুর্যোগ মোকাবেলায় করণীয় বিষয়ে এক ভার্চুয়াল মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী উল্লেখ করেছেন, মাঠপর্যায়ে সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম, বিশেষ করে দুর্যোগকালীন তথ্য দ্রুত, নির্ভুল ও বিশ্বাসযোগ্যভাবে জনগণের কাছে পৌঁছে দিতে জেলা তথ্য কর্মকর্তাদের ডিজিটাল প্ল্যাটফর্মভিত্তিক কার্যক্রমে আরও সক্রিয় হতে হবে।
তিনি বলেন, ভুল তথ্য (মিসইনফরমেশন) ও অপতথ্য (ডিসইনফরমেশন) মোকাবেলার মাধ্যমে তথ্যপ্রবাহকে পরিচ্ছন্ন ও নির্ভরযোগ্য রাখা তথ্য মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব। বর্তমানে তথ্য মানুষের জীবনে অক্সিজেনের মতো অপরিহার্য। জনগণ যেন সহজে, দ্রুত ও সঠিক তথ্য পায়, সেটি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
জহির উদ্দিন স্বপন আরও বলেন, জেলা তথ্য কর্মকর্তাদের মাঠপর্যায়ের কার্যক্রম, তথ্য সংগ্রহ, প্রতিবেদন প্রেরণ এবং জনগণের সঙ্গে যোগাযোগ আধুনিক ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হওয়া সময়ের দাবি। অতীতে জেলা তথ্য কর্মকর্তাদের প্রধান কাজ ছিল প্রজেক্টর ও প্রচারযান নিয়ে মাঠপর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা।
তিনি জানান, সেই কার্যক্রমের গুরুত্ব এখনো থাকলেও বর্তমান বাস্তবতায় ডিজিটাল যোগাযোগকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। জেলা তথ্য কর্মকর্তাদের স্থানীয় জনগণের কাছে পৌঁছাতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ আধুনিক যোগাযোগমাধ্যমকে আরও কার্যকরভাবে ব্যবহার করতে হবে।
তথ্যমন্ত্রী মন্তব্য করেন, সরকারের বিভিন্ন কার্যক্রম সময়মতো জনগণের সামনে যথাযথভাবে তুলে ধরতে না পারলে সরকারের সঙ্গে জনগণের দূরত্ব তৈরি হতে পারে এবং এতে বিভ্রান্তির সুযোগ সৃষ্টি হয়।