৫ আগস্টের মধ্যে উদ্বোধন করা হবে জুলাই স্মৃতি জাদুঘর। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এ তথ্য জানান।
মন্ত্রী জানান, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের জন্য নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গেজেট আকারে পাশ হতে কিছুটা সময় লাগছে এবং জনবল নিয়োগের পাশাপাশি কিছু নির্মাণ কাজ এখনও চলছে।
তিনি বলেন, "উদ্বোধনে একটু সময় লাগছে, তবে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে তার সময় পাওয়া সাপেক্ষে খুব দ্রুতই উদ্বোধন করা হবে।"
সংস্কৃতিমন্ত্রী আরও জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে এই জাদুঘর নির্মাণে সুনির্দিষ্ট দুর্নীতির তথ্য পেলে ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, "জুলাই অভ্যুত্থান উপলক্ষে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট প্রতিদিনই বিভিন্ন আয়োজন থাকছে।"