শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজও আন্দোলনে নামল শিক্ষার্থীরা। এইচএসসি পরীক্ষা শেষে তারা সারাদেশে বিক্ষোভের ঘোষণা দেয়।
বুধবার (১৫ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটের পর রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে জড়ো হয়ে এয়ারপোর্ট-ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এই ঘটনায় গুরুত্বপূর্ণ মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীরা জানায়, তাদের সব দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন অব্যাহত রাখবে। আন্দোলনের সময় পুলিশ জলকামানসহ সতর্ক অবস্থানে রয়েছে, তবে তারা শিক্ষার্থীদের সঙ্গে কোনো ধরনের বাগ্বিতণ্ডায় জড়াতে চান না।
অন্যদিকে, মঙ্গলবার (১৪ জুলাই) বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা অবরোধ করে। সেখান থেকে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি জানানো হয়।