মার্কিন সিনেটের ডেমোক্র্যাট সদস্যরা ইরানের সঙ্গে চলমান যুদ্ধ এবং ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক ও গোয়েন্দা সহযোগিতা সম্প্রসারণের প্রস্তাবের বিরুদ্ধে বার্ষিক প্রতিরক্ষা নীতিমালা বিল আটকে দিয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) সিনেটে এ সংক্রান্ত ভোটাভুটিতে বিলটির বিরুদ্ধে বিতর্ক শুরু করার প্রস্তাব ৫০-৪৬ ভোটে নাকচ হয়।
সিনেটে ১০০ সদস্যের মধ্যে বিতর্ক শুরু করতে অন্তত ৬০ ভোটের প্রয়োজন হলেও রিপাবলিকানরা সেই সমর্থন জোগাড় করতে ব্যর্থ হয়। জাতীয় প্রতিরক্ষা অনুমোদন বিল (এনডিএএ) সাধারণত কংগ্রেসের পাস হওয়া আইনগুলোর একটি হিসেবে বিবেচিত হয়। এবারের বিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের সামরিক বাজেট অনুমোদনের কথা ছিল।
ডেমোক্র্যাটরা দাবি করেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার সময় এমন একটি বিল নিয়ে এগিয়ে যাওয়া ঠিক হবে না। তারা পেন্টাগনের রেকর্ড পরিমাণ বাজেট এবং ইসরায়েলের সঙ্গে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা আরও গভীর করার বিভিন্ন ধারার বিরোধিতা করেন। সিনেটে ডেমোক্র্যাটদের নেতা চাক শুমার ভোটের আগে দলীয় সদস্যদের বিলটির বিপক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, “এই বিল ট্রাম্প প্রশাসনকে কংগ্রেসের কার্যকর তদারকি ছাড়াই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ‘অনুমতিপত্র’ হিসেবে কাজ করবে।” কংগ্রেসের বাইরেও ১৪টি নাগরিক অধিকার, পররাষ্ট্রনীতি ও যুদ্ধবিরোধী সংগঠনের একটি জোট বিলটির বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
জোটের সদস্যদের মধ্যে রয়েছে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ), জে স্ট্রিট, কোডপিংক এবং উইন উইদাউট ওয়ার। তারা বলেন, “যুদ্ধ সংক্রান্ত সিদ্ধান্তে কংগ্রেসের সাংবিধানিক কর্তৃত্ব কার্যকর করতে বাজেট নিয়ন্ত্রণের ক্ষমতা ব্যবহার করা উচিত।”
ডেমোক্র্যাটদের আপত্তির একাধিক কারণের মধ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক ও গোয়েন্দা সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার প্রস্তাবও অন্তর্ভুক্ত রয়েছে। বিলের একটি প্রস্তাবে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগনে একজন বিশেষ কর্মকর্তা নিয়োগ দিতে হবে, যিনি প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সমন্বয় করবেন।
এছাড়া, মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের ভাষ্য অনুযায়ী, ‘ডেটা ফিউশন’-এর মাধ্যমে সেন্সর ও গোয়েন্দা উৎস থেকে সংগৃহীত তথ্য একত্র করে একটি সমন্বিত লক্ষ্যবস্তু নির্ধারণ ব্যবস্থা তৈরি করার কথা বলা হয়েছে। সংস্থাটির আশঙ্কা, এর মাধ্যমে যুক্তরাষ্ট্র এমন গোয়েন্দা তথ্য ব্যবহার করতে পারে, যা ইসরায়েল বিতর্কিত গণনজরদারি কর্মসূচির মাধ্যমে সংগ্রহ করেছে।
ডেমোক্র্যাট সিনেটর ক্রিস ভ্যান হলেন, বার্নি স্যান্ডার্স, এলিজাবেথ ওয়ারেন ও অন্যান্য সিনেটররা বিলটি নিয়ে তাড়াহুড়ো না করার আহ্বান জানিয়ে বলেন, “ডেমোক্র্যাট হিসেবে আমাদের এমন কোনো ভোট দেওয়া উচিত নয়, যা ট্রাম্পকে নেতানিয়াহুর চরমপন্থি সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও গভীর করার সুযোগ করে দেয়।”
বিশ্লেষকদের মতে, ডেমোক্র্যাটদের এই অবস্থান দলের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনের প্রতিফলন। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে দলের সমর্থকদের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।