ইরানে ইসরায়েলের সম্ভাব্য সামরিক হামলা পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের জন্ম দিতে পারে বলে সতর্ক করেছে ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) সামরিক গোয়েন্দা বিভাগ।
রোববার (২২ নভেম্বর), ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে জানানো হয়, নেতানিয়াহু ও ইসরায়েলের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক রুদ্ধদ্বার বৈঠকে এ সতর্কবার্তা দেওয়া হয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে।
আইডিএফের সামরিক গোয়েন্দারা জানিয়েছেন, ইরানে ইসরায়েলি হামলা শুরু হলে তা লেবানন, সিরিয়া ও গাজাসহ একাধিক রণাঙ্গনে সংঘাতে রূপ নিতে পারে। নেতানিয়াহু ও মোসাদের প্রধান রোমান গোফম্যানের ধারণা ছিল, হামলা তিন থেকে পাঁচ দিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে।
তবে সামরিক গোয়েন্দাদের মূল্যায়ন সেই ধারণার সঙ্গে সাংঘর্ষিক। নেতানিয়াহুর বিরুদ্ধে রাজনৈতিক স্বার্থে ইরানের হুমকিকে অতিরঞ্জিত করার অভিযোগ উঠেছে। সমালোচকরা দাবি করেছেন, তিনি ইরানে হামলার পক্ষে অবস্থান নিয়ে সরকার গঠনের সম্ভাবনা বাধাগ্রস্ত করতে চাইছেন।
চ্যানেল ১২ জানায়, বিরোধী রাজনীতিক আভিগদর লিবারম্যানও ইরানে হামলা না চালানোর পক্ষে বক্তব্য দিয়েছেন, যা রাজনৈতিক উদ্বেগের প্রতিফলন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরানে হামলার কোনো নিরাপত্তাগত যুক্তি নেই।
ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, নতুন বছরের মধ্যে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান চালানোর পক্ষে তিনি ঝুঁকতে পারেন।
ট্রাম্পের অভিযোগ, ইরান চুক্তি নিয়ে আলোচনায় বসতে দেরি করছে এবং ক্রমেই আরও আগ্রাসী হয়ে উঠছে। সাম্প্রতিক ড্রোন হামলার ঘটনা তার মন্তব্যের পেছনে রয়েছে।
এই পরিস্থিতির মধ্যে ইরানের বিরুদ্ধে নতুন করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর সম্ভাবনা নিয়ে আলোচনা জোরালো হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতির চাপের মধ্যে বড় ধরনের সামরিক হামলা পুনরায় শুরু হবে কি না, তা নিয়ে সিদ্ধান্তহীনতা রয়েছে।