ইয়েমেনে যুদ্ধ চালানোর জন্য নিজেদের অর্থের জোগান ব্যবস্থা আরও শক্তিশালী করেছে হুতিরা। কর, শুল্ক, বিভিন্ন ধরনের ফি, তেল বিক্রি এবং সাধারণ মানুষের কাছ থেকে নেয়া অনুদানের মাধ্যমে তারা অর্থ সংগ্রহ করছে। সামরিক ও নিরাপত্তা খাতে এই অর্থের বড় অংশ ব্যয় হচ্ছে, যা হুতিদের সামরিক শক্তি বৃদ্ধি এবং ইয়েমেনের বিস্তীর্ণ এলাকায় তাদের নিয়ন্ত্রণ জোরালো করতে সহায়তা করছে।
মক্কা সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্য অনুযায়ী, হুতিদের নিয়ন্ত্রিত অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে বছরে প্রায় আড়াইশ কোটি ডলার আসে। এর মধ্যে ৮০ কোটি ডলার আসে কর ও শুল্ক থেকে এবং যুদ্ধের জন্য নগদ ও পণ্য সহায়তা থেকে আসে প্রায় ৩০ কোটি ডলার। হুতিদের নিয়ন্ত্রিত এলাকার সংগৃহীত রাজস্বের প্রায় ৬০ শতাংশ ব্যয় হয় নিরাপত্তা ও সামরিক খাতে।
হুতিরা শুধু রাজস্বের ওপর নির্ভর করছে না, সাধারণ মানুষকেও যুদ্ধের জন্য অর্থ দিতে উৎসাহিত করছে। মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন বাহিনীর জন্য অনুদান চাওয়া হচ্ছে। বিভিন্ন সমাবেশেও অর্থ সংগ্রহ করা হচ্ছে।
তেল বিক্রি একটি বড় আয়ের উৎস হিসেবে কাজ করছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের তথ্য অনুযায়ী, ইরান নিয়মিতভাবে হুতিদের জন্য তেল সরবরাহ করছে। সেই তেল অবৈধভাবে বিক্রি করে হুতিরা বছরে দুইশ কোটি ডলারের বেশি আয় করছে।
এই অর্থ শুধু অস্ত্র কেনা বা যুদ্ধ চালাতে ব্যবহার হচ্ছে না, বরং কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়া এবং সরকারি কর্মীদের নিয়মিত বেতন না পাওয়ার কারণে তরুণদের জন্য হুতি বাহিনীতে যোগ দেয়া একটি আয়ের পথ হয়ে উঠেছে।
আমদানি অনুমতি, বিভিন্ন ফি, বৈদেশিক মুদ্রা, জ্বালানি ও টেলিযোগাযোগের ওপর নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যবসায়ী ও সাধারণ মানুষের ওপর প্রভাব বাড়াচ্ছে হুতি কর্তৃপক্ষ। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইয়েমেনের প্রায় ৮০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে।