ঢাকাকে রাতারাতি পরিবর্তন আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সম্মেলন কক্ষে ‘নগরের বর্জ্য ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, ওয়াসা, বিদ্যুৎ বিভাগ ও রাজউকসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বয়ে সিদ্ধান্ত নিতে হয়। বর্ষা মৌসুম এলেই রাজধানীতে রাস্তা খোঁড়াখুঁড়ি বেড়ে যায়, যা উন্নয়ন প্রকল্পের বাজেটের অর্থ ছাড়ের সাথে সম্পর্কিত।
তিনি বলেন, সিটি করপোরেশনকে সরকারে পরিণত করতে না পারলে নগরের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যার সমাধান হবে না। নাগরিকদের মধ্যে নিজেদের রাস্তা ও পরিবেশ পরিষ্কার রাখার দায়িত্ববোধ তৈরি করতে হবে।
মির্জা ফখরুল আরও জানান, জনসচেতনতা ছাড়া বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন সম্ভব নয়। মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনাকে দুর্বল উল্লেখ করে বুড়িগঙ্গা ও তুরাগ নদী রক্ষায় উদ্যোগের কথাও জানান তিনি।
এ সময় রাজউকের চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম বলেন, রাজধানীর উন্নয়ন ও বর্জ্য ব্যবস্থাপনায় আরও শক্তিশালী সমন্বিত উদ্যোগ প্রয়োজন।