সুন্দরবনের কুখ্যাত দস্যু দল ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখসহ ২৭ জন সক্রিয় সদস্য কোস্ট গার্ডের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছে। তারা তাদের ব্যবহৃত বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেন।
আজ মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। আত্মসমর্পণের ঘটনা ঘটেছে সোমবার বিকেল ৫টায় বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন সংলগ্ন চরপুটিয়া খাল এলাকায়।
কোস্ট গার্ডের জোনাল কমান্ডার জানান, আত্মসমর্পণকালে দস্যুরা ৩টি বিদেশি বন্দুক, একটি এইট শুটার গান, ফোর শুটার গান, ৫টি দেশীয় একনলা বন্দুক, ১৫টি দেশীয় পাইপগান, ২টি চায়না পাইপগানসহ মোট ২৭টি আগ্নেয়াস্ত্র জমা দেয়। এছাড়া ৩৪০ রাউন্ড তাজা কার্তুজ ও ৫৫ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
আত্মসমর্পণকারী দস্যুদের মধ্যে খুলনা জেলার দাকোপ, কয়রা ও বটিয়াঘাটা এলাকার বাসিন্দা জাহাঙ্গীর শেখ (৪৫), মুজাহিদ গাজী (২৭), বিল্লাল শেখ (৩৫) সহ আরও ২৫ জন সদস্য রয়েছেন।
কোস্ট গার্ডের জোনাল কমান্ডার জানান, দীর্ঘদিন ধরে এই বাহিনীটি সুন্দরবনের গহীনে সাধারণ জেলে, বাওয়ালি ও মৌয়ালদের জিম্মি করে মুক্তিপণ আদায়সহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। আত্মসমর্পণকারী দস্যুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে। তবে জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদসহ তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।