কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে মাছ ধরার একটি ট্রলার ডুবে চার জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও একজন জেলে নিখোঁজ রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী ঘাট থেকে নুরুল আবছারের মালিকানাধীন ‘এফবি ফকিরা মসজিদ’ নামের ট্রলারটি ১২ জন জেলেকে নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। সোমবার ভোরে বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে ট্রলারটি ডুবে যায়।
এ সময় সাতজন জেলে অন্য একটি ট্রলারের সহায়তায় প্রাণে বাঁচলেও পাঁচজন নিখোঁজ হন। কুতুবদিয়া থানার তদন্ত পুলিশ পরিদর্শক ওমর ফারুক জানান, সোমবার রাতে উদ্ধার অভিযান চালিয়ে ট্রলারটির ভেতর থেকে চার জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত জেলেদের মধ্যে রয়েছেন কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালীর বাসিন্দা মো. সাগর, মো. করিম, মো. আইয়ুব মনির এবং আলী আকবর ডেইল ইউনিয়নের হায়দারপাড়ার বাসিন্দা কামাল হোসেন। নিখোঁজ জেলের উদ্ধারে চেষ্টা চলছে।