মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

তিস্তা নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার উপরে, বন্যার আশঙ্কা

তিস্তা নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার উপরে, বন্যার আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে।

তিস্তা নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার উপরে, বন্যার আশঙ্কা

টানা ভারী বর্ষণ এবং উজানের পাহাড়ি ঢলে ফুলেফেঁপে উঠেছে তিস্তা নদী। সোমবার রাত ৮টায় নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমা (৫২.১৫ মিটার) অতিক্রম করে ১০ সেন্টিমিটার উপরে (৫২.২৫ মিটার) প্রবাহিত হচ্ছিল। একই সময়ে লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার উপরে প্রবাহিত হয়।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তিস্তা ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিস্তার পানি ৮ সেন্টিমিটার বেড়ে সন্ধ্যা ৬টায় বিপৎসীমা অতিক্রম করে। আগাম পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় নদীর পানি বিপৎসীমার প্রায় ২০ সেন্টিমিটার উপরে প্রবাহিত হতে পারে, যা বড় ধরনের বন্যার আশঙ্কা সৃষ্টি করছে।

নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চলে বন্যার পানি প্রবেশ করতে শুরু করেছে। চলতি বর্ষা মৌসুমে এটি পঞ্চমবারের মতো তিস্তার পানি বৃদ্ধি পাওয়ার ঘটনা।

পাউবোর পানি পরিমাপক নুরুল ইসলাম জানান, সোমবার রাত ৮টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছিল। সোমবার বিকেলে রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও মধ্যরাতে সেখানেও বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলার তিস্তা ও দুধকুমার নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে কোথাও কোথাও বিপৎসীমা অতিক্রম করতে পারে।

নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, 'পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত রাখতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। তবে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় রাতে আরও বাড়তে পারে।'

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার জানান, ভারী বৃষ্টি ও উজানের ঢলের কারণে তিস্তা ও ধরলা নদীর পানি দ্রুত বাড়ছে। তারা বন্যা পরিস্থিতি মোকাবিলায় সার্বিকভাবে প্রস্তুত রয়েছে।

বিজ্ঞাপন