মৌসুমি বায়ুর প্রভাবে ১৩ জুলাই সোমবার কুমিল্লায় টানা ভারি বৃষ্টির ফলে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।
কুমিল্লা শহরের ঠাকুরপাড়া, স্টেডিয়াম এলাকা, রেসকোর্স ও কালিয়াজুড়িসহ কয়েকটি স্থানে সড়ক পানিতে তলিয়ে গেছে। এর ফলে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং পথচারীরা দুর্ভোগে পড়ছেন।
সকালে জলাবদ্ধতার কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অফিসগামী মানুষ। কোথাও কোথাও বৃষ্টির পানি ঢুকে পড়েছে বাসাবাড়ি ও দোকানপাটেও।
স্থানীয়রা অভিযোগ করেছেন, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকায় পানি জমে যায়। তারা বছরের পর বছর ধরে এই সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন।
এদিকে, জলাবদ্ধতা কমাতে ড্রেন ও নালা পরিষ্কারের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।