রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি চলতি জুলাই মাসজুড়ে অব্যাহত থাকবে। আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক আজ সোমবার এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, "বৃষ্টিপাতের পরিমাণ কখনও বেশি হতে পারে, কখনও বা সামান্য কম হতে পারে।" আবহাওয়া অধিদপ্তর দেশের বিভিন্ন স্থানে ফের ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
মল্লিক জানান, মঙ্গলবার ও বুধবার তুলনামূলক কম বৃষ্টি হবে, তবে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃহস্পতিবার থেকে আবারও বৃষ্টির পরিমাণ বাড়বে। সোমবারও ঢাকাসহ সারা দেশে বৃষ্টি থাকবে।
৫ জুলাই থেকে নিম্নচাপের কারণে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু এখনও সক্রিয় রয়েছে।
রোববার সকাল ৬টা থেকে সোমবার ৬টা পর্যন্ত ঢাকায় ১৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে কুমিল্লায় ১০৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিভিন্ন এলাকায় আরও একদিন বৃষ্টির অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।