গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ও ভারী বর্ষণ হচ্ছে। আজও দেশের বিভিন্ন স্থানে ফের ভারী থেকে অতিভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বিভিন্ন এলাকায় আরও একদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কয়েকটি বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রাজধানীসহ বেশিরভাগ অঞ্চলে টানা কয়েকদিনের বৃষ্টির কারণে জনজীবন ব্যাহত হচ্ছে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে অনেক স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে, ফলে জলাবদ্ধতা দেখা দিয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, সোমবারও রাজধানীতে বৃষ্টি থাকতে পারে। দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ‘দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি কমে আসবে তবে বৃষ্টি থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে।’
তিনি আরও জানান, রংপুর, ময়মনসিংহসহ কয়েকটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে অধিকাংশ এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে।