সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় হতাহতের কোনো খবর নেই।
রোববার (১২ জুলাই) ভোররাতে সদর উপজেলার তলুইগাছা সীমান্তে এ ঘটনা ঘটে। সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তলুইগাছা বিওপির একটি নিয়মিত রাত্রিকালীন টহল দল সীমান্তের মেইন পিলার-১৩ সংলগ্ন এলাকায় সন্দেহজনক লোকজনের চলাচল লক্ষ্য করে। পরে চারাবাড়ি এলাকায় দুইজন অজ্ঞাত ব্যক্তিকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখা যায়।
সন্দেহজনক ব্যক্তিদের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত পালানোর চেষ্টা করে। বিজিবি তাদের থামতে এবং আত্মসমর্পণের নির্দেশ দেয়, কিন্তু তারা নির্দেশ অমান্য করে।
এ অবস্থায় বিজিবি নিরাপত্তার স্বার্থে ভীতি প্রদর্শন ও গতিরোধের উদ্দেশ্যে গুলি ছোড়ে। গুলিবর্ষণের পর চোরাকারবারিরা সীমান্তসংলগ্ন ঝোপঝাড়ের আড়াল ব্যবহার করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
ঘটনার পর বিজিবি ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালালেও কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি জানিয়েছে, গুলিবর্ষণে কেউ আহত হয়নি। এ ঘটনার পর সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে।