সাতক্ষীরার কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙার কাজ চলাকালীন একটি পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়েছেন। শনিবার (১২ জুলাই) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, পুরাতন থানা ভবনের ফ্লোরের নিচের মাটি কাটার সময় শ্রমিক রফিকুল ইসলাম কোদাল দিয়ে মাটিতে আঘাত করলে সেখানে থাকা একটি বিস্ফোরক সদৃশ বস্তু বিস্ফোরিত হয়।
এ ঘটনায় রফিকুল ইসলামের দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পাশাপাশি, পাশে থাকা আরেক শ্রমিক কামরুল হাসানও আহত হন, যার ডান পায়ে আঘাত লাগে।
আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, "পুরাতন থানা ভবন ভাঙার কাজ প্রায় শেষ দিকের সময় একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আতশবাজি জাতীয় কোনো বস্তু হতে পারে।"