নাটোরের মা ও শিশু সদনে সদ্য ভূমিষ্ঠ এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নাটোর পৌর শহরের আলাইপুর এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, নবজাতকের স্বজনরা উত্তেজিত হয়ে চিকিৎসকের ওপর হামলা করে এবং জানালার ও টেবিলের কাঁচ ভাঙচুর করে।
নবজাতকের বাবা বাবু হোসেন ও মা রুমি বেগম অভিযোগ করেন, চিকিৎসক রোগীকে পরীক্ষা না করেই নার্সের মাধ্যমে নরমাল ডেলিভারি করান। তারা জানান, ডেলিভারির পর শিশুটির শ্বাস চলছিল, কিন্তু অক্সিজেন সমস্যা থাকায় নবজাতককে নাটোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
নবজাতককে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মা ও শিশু সদনের মেডিকেল অফিসার ডা. মো. মিজানুর রহমান বলেন, নবজাতকের মৃত্যুর বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। ঘটনার তদন্ত করে প্রকৃত কারণ জানা যাবে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।