নাটোরের গুরুদাসপুর পৌরসভার কাচারিপাড়া মহল্লায় প্রয়াত আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুসের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
হামলার সময় বাড়ির গেটে থাকা কাচের জানালা, সিসিটিভি ক্যামেরা এবং বৈদ্যুতিক বাতি ভাঙচুর করা হয়। অধ্যাপক আব্দুল কুদ্দুস নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০২৩ সালের ৩০ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রায় ২৫ থেকে ৩০টি মোটরসাইকেলের বহর নিয়ে দুর্বৃত্তরা বাড়ির সামনে এসে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। একপর্যায়ে তারা বাড়ির ভেতরেও ইট-পাটকেল নিক্ষেপ করে, যার ফলে কয়েকটি কাচের জানালা ক্ষতিগ্রস্ত হয়।
এর আগে শনিবার রাতে গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিমের বাড়িতে লুটপাটের অভিযোগ ওঠে। এ সময় বাড়ি থেকে প্রায় ৭ ভরি সোনার গহনা ও নগদ দেড় লাখ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা।
গুরুদাসপুর থানার পরিদর্শক (তদন্ত) রিয়াজ হাসান জানান, হামলার চেষ্টা নিয়ে তিনি কিছু শুনেছেন, তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে অধ্যাপক আব্দুল কুদ্দুসের পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।