চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার (১২ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আয়েশা বেগম গড়গড়ি গ্রামের মৃত আজগার আলীর স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বেলা ১২টার দিকে তিনি মুন্সিগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় আসেন এবং ট্রেন আসার সময় জানতে চান। এরপর দুপুর পৌনে ১টার দিকে খুলনাগামী ডাউন মহানন্দা এক্সপ্রেস ট্রেন আসার সময় তিনি রেললাইনে মাথা দিয়ে আত্মহত্যা করেন।
স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন জানান, আয়েশা বেগম শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। তার এক ছেলে ও এক মেয়ে অসুস্থ হওয়ায় সংসারে অভাব দেখা দেয়। এসব কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে মনে করা হচ্ছে।
চুয়াডাঙ্গা জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জগদীশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত নারীর লাশ উদ্ধার করেছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।